সম্মানিত অভিভাবকবৃন্দ,
সময়ের বিবর্তনে আপনাদের কোমলমতি সন্তানদের নিয়ে আমরা নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বিশ্বাস করি, এ যাত্রায় আপনাদের আন্তরিক সম্পৃক্ততা আপনার সন্তানের সাফল্য এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বার্থা উচ্চ বিদ্যালয় শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তাই আপনার সন্তানকে সর্বদা স্নেহ, মমতা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে গড়ে তুলুন। তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করুন, কারণ শ্রেণিকক্ষে নিয়মিত অংশগ্রহণ ছাড়া কোনো শিক্ষার্থীর পক্ষে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আমরা "শিক্ষার্থীদের ডায়েরি" চালু করেছি। এই ডায়েরি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কার্যকর যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে। তাই আপনার সন্তানের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য নিয়মিত ডায়েরিটি দেখুন এবং প্রয়োজনীয় পরামর্শ বা মতামত এতে লিপিবদ্ধ করুন। আপনার মূল্যবান মতামত যথাসময়ে শ্রেণিশিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে। এর মাধ্যমে যেমন শিক্ষার্থীর শিক্ষার মান উন্নত হবে, তেমনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে।
আপনাদের সক্রিয় সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণের মাধ্যমেই বার্থা উচ্চ বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন সম্ভব। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলি এবং আমাদের প্রিয় সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে একযোগে কাজ করি।
সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।
০৫ জানুয়ারি, ২০২২ ইং
মোঃ শাহজাহান আলী
প্রধান শিক্ষক
মোবাইল: ০১৭১৪৫৬২৫৮১
বার্থা উচ্চ বিদ্যালয়